পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স আবারও ফিরে এলেন সামাজিক মাধ্যমে। কিছুদিন আগে ব্যক্তিগত একটি ঘটনার পর তিনি হঠাৎ করেই অনলাইন জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ, নিয়মিত পোস্ট ও আপডেটের মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকাই ছিল তার স্বভাব। দীর্ঘ বিরতির পর অবশেষে সেই অপেক্ষার অবসান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিজের উপস্থিতির জানান দেন এই গায়িকা। ভিডিওতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে তার ১৯ বছর বয়সী ছেলে জেডেন জেমসের সঙ্গে হাসিঠাট্টা আর নাচে মেতে উঠেছেন তিনি। মা-ছেলের সহজ-সরল এই মুহূর্ত দ্রুতই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। ভিডিওর ক্যাপশনে ব্রিটনি লেখেন, সবার ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি জানান, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো তাঁর জন্য ভীষণ মূল্যবান। সবাইকে ভালো ও সদয় থাকার বার্তাও দেন তিনি। উল্লেখ্য, মার্চের শুরুতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিনি আলোচনায় চলে আসেন। যদিও খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তার ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, তিনি বিষয়টি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সচেতন থাকবেন। কঠিন সময় পার করলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এই শিল্পী সাম্প্রতিক পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি তিনি তাঁর পুরোনো হিট গানগুলোর নতুন সংস্করণ নিয়ে কাজ করছেন এবং স্টুডিওতে সময় দিচ্ছেন বলে জানা গেছে। ভক্তরা আশা করছেন, শিগগিরই নতুন কোনো মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির হবেন এই পপ আইকন।