খেলাধুলা:নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। বাড়ছে জয়ের অপেক্ষা। সবশেষ নিউ ইংল্যান্ড রেভ্যুেলশনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচের ৭৬ মিনিটে রিবাউন্ড থেকে গোল করে সমতা ফেরান জার্মান বার্টারেম। ফলে নতুন স্টেডিয়ামে ৩ ম্যাচ খেলার পরও এখনও জয়ের দেখা পায়নি লিওনেল মেসিরা। তবে অ্যাওয়ে ম্যাচে তাদের পারফরম্যান্স ভালো এই মৌসুমে। ৫ জয়, ১ ড্র ও ১ হার। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলেস এফিসের বিপক্ষে পরাজিত হওয়ার পর ইন্টার মায়ামি টানা ৯ ম্যাচে অপরাজিত। যেখানে জয় ৫ আর ড্র ৪। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত থাকার ধারা ১১ ম্যাচে গড়িয়েছে (৫ জয়, ৬ ড্র)। এই ম্যাচে দ্বিতীয়ার্ধেই হয়েছে গোল দুটি। প্রথমে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড রেভ্যুেলশনই। ৫৬ মিনিটে সাবেক এমএলএস এমভিপি কার্লেস গিল গোল করে এগিয় নিউ ইংল্যান্ডকে। এরপর প্রায় ২০ মিনিট পর জার্মান বার্টারেম সমতা ফেরায় মায়ামির হয়ে। লুইস সুয়ারেজের শট গোলরক্ষক ম্যাট টার্নার ঠেকালেও রিবাউন্ডে সহজেই গোল করেন বার্টারেম। ম্যাচে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি মেসি। ৩৮তম মিনিটে তার একটি শট অল্পের জন্য বাইরে যায়। এছাড়া কর্নার থেকে সরাসরি গোল করার চেষ্টা এবং প্রথমার্ধের শেষদিকে নেওয়া শটও সহজেই রুখে দেন টার্নার। এই ড্রয়ের আগে ২০২৩ সালের পর থেকে টানা চার ম্যাচে নিউ ইংল্যান্ডকে হারিয়েছিল ইন্টার মায়ামি, যেখানে মোট গোল ব্যবধান ছিল ১৬-৫।
Reporter Name 
























