সকাল সকাল শুনি ম্যাডাম চড়িয়েছেন গলা
যা বলা তার সমস্তটাই বুয়ার প্রতি বলা!
আদর দিয়ে তোমায় আমি মাথায় দিছি তুলে
এতদিনের ভালোবাসা সব গিয়েছ ভুলে?
তোমার বিবেচনা দেখে গা শিউরে উঠি
কেমন করে বললে? তোমার কালকে থেকে ছুটি!
ঈদের ছুটি পাঁচ পাঁচদিন কাটাবে একটানা?
অন্যসময় চাইলে ছুটি কেউ কি করি মানা?
আগে আগে বেতন-বোনাস দিয়ে দেওয়ার ফলে
ফেলছ আমায় ঈদের আগে এমন অথৈ জলে!…
এ পর্যায়ে মুখ খুলেছে মায়া, মানে বুয়া
গরিব বইল্যা আমগো জীবন কষ্ট ভরা কুয়া!
কয়টা টাকার জইন্য আমি এই বাসাতে থাকি
কাজ কইরা খাই, বেতন-বোনাস এমনিতে দেন নাকি?
সবাই ঈদে ছুটি কাটায়, ছোটে নিজের বাড়ি
আমি ছুটি চাইলে কেন লাগবে মারামারি?
বুয়ার কি নাই সাধ-আল্লাদ? ঈদের ছুটি মানা?
আমগো প্রতি কেমন দরদ ভালোই আছে জানা!
ক্যাচাল ভালোই লেগে গেছে, পড়বে ম্যাডাম মারা
আরও শোনার জন্য আমি কর্ণ করি খাড়া!
এবার ম্যাডাম কণ্ঠ নরম, রাগ করো ক্যান? মায়া!
কারণ ছাড়া আমার মুখে দুশ্চিন্তার ছায়া?
পাঁচ পাঁচদিন ছুটি নিলে থাকবে কি এই বাড়ি?
কে দেবে ঘর ঝাড়ু, বলো, কে ধুবে প্লেট হাড়ি?
ময়লা কাপড় কাচবেটা কে? কে দেবে তা শুকা?
রান্না-বাড়া করবেটা কে? থাকবে সবাই ভুখা!
তোমায় ছাড়া বাসা অচল, তুমি ভালোই জানো
এই কারণেই সিদ্ধান্ত লাগবে যে বদলানো!
ম্যাডাম বলে, কিন্তু মায়ার মন গলে না তাতে
লাগে আমি চাকরি ছাড়ুম, মরলে মরুম ভাতে!
বাড়ি আমি যামুই যামু, দিলে দিবেন ছুটি
ম্যাডাম, আমায় বিদায় বলেন, নরম করেন মুঠি।
ধুইবটা কে হাড়ি-পাতিল, ছিলবটা কে আলু?
ঈদের ছুটির ভিতর বাসায় থাকবই তো খালু!
বাসায় থাইক্যা কাজ না করার নাই তো কোনো মানে
সকল কিছু সামলাইব আমগো খালুজানে!
এরপরে সব থামল আলাপ! দুইজনই চুপ! আরে!
শেষের কথা শুনে আমার দুশ্চিন্তা বাড়ে!
বুয়াটা কি বিদায় নিলো? দরজা গেল টেনে?
তারমানে কী? বুয়ার আলাপ ম্যাডাম নিলো মেনে?
হায় কী হবে ভেবে ভেবে জিহ্বাতে ঠোঁট চাটি
বুয়ার ছুটির মানে আমার ঈদ হয়েছে মাটি!