বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।
প্রতিমন্ত্রী জানান, “শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ ব্যাংককে এই কাজে ডেডিকেটেড করতে বলা হয়েছে।” তিনি আরও বলেন, এই অর্থ সরাসরি নগদ হিসেবে দেওয়া হবে না, বরং বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাতে ব্যাংক থেকেই পরিশোধ করা হবে।
তিনি ব্যাখ্যা করেন, সাধারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে গ্যারান্টরসহ নানা জটিলতা থাকে। অনেক শিক্ষার্থী এসব কারণে বিদেশে যেতে বাধার মুখে পড়ে। “গ্যারান্টর ছাড়া এই ঋণ সুবিধা দিলে শিক্ষার্থীরা সহজে বিদেশে যেতে পারবে,” বলেন নুরুল হক নুর।
বৈঠকে দেশের শ্রমবাজার নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু ঝুঁকি থাকলেও ভবিষ্যতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। “মিডল ইস্টে যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্গঠনের জন্য নতুন করে জনশক্তির চাহিদা তৈরি হবে,” বলেন তিনি।
এছাড়া বিদেশে ভালো চাকরি পেতে ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের মানুষ ভাষা না জানার কারণে কম বেতনের চাকরি করে। ভাষা জানলে তারা ভালো সুযোগ পাবে।”
জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে বিদ্যমান সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়ন এবং ইউরোপে কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের কনস্যুলার সেবা বাংলাদেশে নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে বিদেশে পড়াশোনা ও কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানো। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা বিদেশে গিয়ে কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, এতে দেশ উপকৃত হচ্ছে।”