সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভরিতে ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে সোনার দাম

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্বাভাবিক উত্থানের পর এবার বড় ধরনের ধস নেমেছে। গত কয়েক দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫০০ থেকে ৬০০ ডলার পর্যন্ত কমে গেছে। বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার কারণে দেশের বাজারেও সোনার দাম বড় অঙ্কে কমানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের ছুটি শেষে যেকোনো সময় ভরিতে ১৫ থেকে ২০ হাজার টাকা কমানোর ঘোষণা আসতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ১৯ মার্চ যখন দেশের বাজারে সর্বশেষ সোনার দাম কমানো হয়, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৪ হাজার ৮৬০ ডলার। আজ সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সেই দাম কমে ৪ হাজার ৩৬৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে আউন্সপ্রতি দাম কমেছে প্রায় ৫০০ ডলার। এর আগে গত ২ মার্চ বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ৫ হাজার ৪০৮ ডলারে উঠেছিল।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকায় স্থির রয়েছে। গত ১৯ মার্চ এক লাফে ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হলেও বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই দাম আরও কমানো যৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাজুস সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে গত কয়েক দিন বাজার বন্ধ থাকায় নতুন দাম নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগামীকাল মঙ্গলবার অফিস-আদালত ও ব্যাংক খোলার পর বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি বৈঠকে বসবে। বিশ্ববাজারের বর্তমান দরপতন সমন্বয় করা হলে সাধারণ ক্রেতাদের জন্য এটি বড় স্বস্তি বয়ে আনবে।


এই বিভাগের আরো খবর