দেশের তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার (২৩ মার্চ) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আগামী ২৪ ঘণ্টার এই পূর্বাভাস জানান।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোরে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়ার দ্বিতীয় ও তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে এবং বুধবার (২৫ মার্চ) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।