বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্নীতি ও দলীয়করণ নয়

প্রতিনিধি: / ৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শিক্ষা খাতকে সম্পূর্ণভাবে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেছেন, “দুটি বিষয়ে আমরা একদম আপসহীন—দুর্নীতি ও দলীয়করণ। শিক্ষা ব্যবস্থার ভেতরে কোনো পলিটিসাইজেশন আমরা হতে দেব না।”

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের লিখিত দাবি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ধাপে ধাপে আলোচনা চলছে। তিনি জানিয়েছেন, হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে, শিক্ষক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে পাঁচ বা সাত বছর পর একই দাবিতে পুনরায় আন্দোলনের প্রয়োজন না পড়ে। শিক্ষক মর্যাদা এবং শ্রেণিকক্ষে তাঁদের দায়বদ্ধতা যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলেও প্রতিমন্ত্রী জানান।

সভায় কারিকুলাম সংস্কারের প্রস্তাবও উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী জানান, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা ও আলিয়া—সব ধারা একটি সাধারণ কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এটি ধীরে এবং পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে তিনি জানান, এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্ভব নয়; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এগুলো আবেগের নয়, যৌক্তিকতার ভিত্তিতে এসেছে। সমাধানের প্রস্তাব আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হলে বাস্তবায়ন সহজ হবে। এছাড়া তিনটি শিক্ষাখাত—মাদ্রাসা ও কারিগরি শিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা—এর মধ্যে সমন্বয় বাড়িয়ে কাঠামোগত সাদৃশ্য আনার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও সভায় বলেছেন, “শিক্ষা খাতের কোনো দুর্নীতি আমরা বরদাস্ত করবো না। শিক্ষকদের দাবি-দাওয়া পূরণে প্রধানমন্ত্রীকে উপস্থাপন করা হবে। শিক্ষা খাতকে স্বচ্ছ ও ন্যায্য রাখতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া, অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর