শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ইংল্যান্ডের কোচ হতে চাইলেন ট্রট

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে যাত্রায় ফুলস্টপ পড়ছে জোনাথন ট্রটের। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই লম্বা দায়িত্বে ইতি টানলেন ট্রট। প্রায় সাড়ে ৩ বছর আফগানদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ইংলিশ কিংবদন্তি, এনে দিয়েছেন দারুণ কিছু সাফল্যও। ২০২২ সালের জুলাই মাসে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পান জোনাথন ট্রট। এরপর সাফল্যের সাগরে ভাসিয়েছেন আফগানিস্তানকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত দলকে হারায় আফগানরা। ১০ দলের বিশ্বকাপে ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল চমক দেখানো আফগানিস্তান। বিশ্বকাপের ঠিক আগে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারিয়েছিল ট্রটের আফগানিস্তান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে অস্ট্রেলিয়ার পর হারিয়েছিল বাংলাদেশকেও। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে যেতে না পারলেও ইংল্যান্ডকে হারিয়েছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যেতে পারছে না যদিও। তবে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল, দুই সুপার ওভার শেষে আফগানদের হারায় প্রোটিয়ারা। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজেও বেশ স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে ট্রটের আফগানিস্তান। বিশ্বকাপের এবারের আসরে আফগানদের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ৮২ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন জোনাথন ট্রট। শেষ ম্যাচের পর ট্রট বলেছেন, ‘এই দায়িত্ব সত্যিই উপভোগ করেছি। জানি না, ভবিষ্যতে কী অপেক্ষা করছে। হয়তো কিছু দিন বিশ্রাম নেব এবং এরপর দেখব সবকিছু কীভাবে আগাচ্ছে। বিশ্বকাপের বাকিটুকু দেখতেও মুখিয়ে থাকব। আমরা এখনও টিকে থাকলে ও পরের রাউন্ড খেলতে পারলে দারুণ লাগত।’ ট্রট আরও বলেন, ‘(আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব) চালিয়ে না যাওয়ার সিদ্ধান্তটি আমার নয়। শুধু এটুকুই বলছি। হয়তো এটিই উপযুক্ত সময়, হয়তো নয়। জানি না। সবার ভবিষ্যতের জন্যই শুভ কামনা।’ নিজ দেশ ইংল্যান্ডকে কোচিং করানোর স্বপ্নও দেখছেন ট্রট, ‘ক্যারিয়ারে যেভাবে খেলেছি, তাতে আমি গর্বিত। ইংল্যান্ড দলকে সবসময় ভালো করতে দেখতে চাই। যে দল আমার হৃদয়ের এত কাছাকাছি, একদিন আশা করি সেই দলকে কোচিং করানোর সুযোগ পাব। নিশ্চিতভাবেই আরও অনেকেই দায়িত্বটি খুব করে পেতে চাইবে। কাজেই দেখা যাক। তবে কোচিং করাতে উপভোগ করি আমি এবং এখানেও গত কয়েক বছর উপভোগ করেছি নিশ্চিতভাবেই। এখানে আমার যাত্রা ওঠানামার মধ্য দিয়েই গেছে তবে আমি দারুণ কিছু স্মৃতি পেয়েছি।’ ট্রট জানিয়েছেন, ‘খেলোয়াড় হিসেবে এবং এখন কোচ হিসেবেও দারুণ কিছু স্মৃতি রয়েছে আমার, যে কারণে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এই মাঠেই (চেন্নাইয়ে), পাকিস্তানকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে হারানো, ইংল্যান্ডকে হারানো, সেন্ট ভিনসেন্টে দুই ম্যাচ জেতা, বিশ্বকাপে (এগুলো ভালো স্মৃতি হয়ে থাকবে)। এর বাইরেও আমাদের অনেক অর্জন রয়েছে। আমরা শুরুতে পাকিস্তান, বাংলাদেশকে এওয়ে সিরিজে হারিয়েছি, দক্ষিণ আফ্রিকাকেও, এসবও (স্মৃতি হিসেবে) থাকবে।’ আফগানদের বিদায়ী প্রধান কোচের মতে, ‘ফলে দারুণ কিছু প্লেয়ার, দারুণ কিছু মানুষকে কোচিং করাতে পেরে আমি অনেক ভাগ্যবান, সবাই দারুণ মানুষ এবং সবসময়ই উন্নতির জায়গা রয়েছে।’


এই বিভাগের আরো খবর