খেলাধুলা:লিডস ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে এনজো ফার্নান্দেজের একমাত্র গোলে সেমিফাইনালে লিডসকে হারায় চেলসি। সেমিফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ, যেখানে দুই দলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার ছাপ স্পষ্ট ছিল। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এগিয়ে যায় চেলসি। পেদ্রো নেতো বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে উঠে ক্রস দেন, যা হেডে জালে জড়ান এনজো ফার্নান্দেজ। ম্যাচে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি প্রথমার্ধে ব্রেন্ডন অ্যারনসন এবং দ্বিতীয়ার্ধে অ্যান্টন স্ট্যাকের শট দারুণভাবে প্রতিহত করেন। শেষ মুহূর্তে সমতা ফেরাতে সর্বশক্তি দিয়ে আক্রমণ চালায় লিডস, কিন্তু চেলসির রক্ষণভাগ তা প্রতিহত করে। ফলে ১৭তমবারের মতো এফএ কাপের ফাইনালে উঠল ব্লুজরা। ফাইনালে চেলসি মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। এটি হবে দুই দলের মধ্যে প্রথম এফএ কাপ ফাইনাল লড়াই। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে।
Reporter Name 
























