বিনোদন: কোল্ডপ্লের কনসার্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। আর এবার কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে অনুষ্ঠিত কনসার্টে ভক্তদের মজার ছলে সতর্কবার্তা দিয়ে ফের আলোচনায়। এটি ছিল ‘অ্যাস্ট্রোনোমার’ কোম্পানির সিইওর কথিত পরকীয়া স্ক্যান্ডালের পর কোল্ডপ্লের প্রথম কনসার্ট।
ইয়ন থেকে জানা যায়, ‘কিস ক্যাম’ বিতর্ক মাথায় রেখেই মজার ছলে ক্রিস বলেন, আমরা আজ কিছু দর্শককে ‘হ্যালো’ বলব। এরপর তিনি বলেন, আমরা আমাদের ক্যামেরাগুলো ব্যবহার করে কিছু দর্শককে বড় পর্দায় দেখাব। তাই যদি মেকআপ করা না হয়ে থাকে, এখনই করে ফেলুন। এই মন্তব্যে দর্শকরা যেমন হেসে উঠেছিলেন, তেমনি মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কোল্ডপ্লের কনসার্ট নিয়ে আলোচনা শুরু হয় গত ১৬ জুলাই থেকেই। সেদিন বস্টনের গিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্ট চলাকালীন ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন এক পুরুষ ও এক নারী। প্রথমে তারা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু বড় পর্দায় নিজেদের দেখেই হঠাৎ মুখ লুকিয়ে ফেলেন।পরবর্তীতে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোনোমার ডেটা কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও তৎকালীন সিইও অ্যান্ডি বায়রন হিসেবে। নারী সঙ্গী ছিলেন কোম্পানিরই মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।
ঘটনাটি ভাইরাল হয়ে যাওয়ার পর সমালোচনার মুখে ২০ জুলাই অ্যান্ডি বায়রন পদত্যাগ করেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, আমাদের প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠান পরিচালিত হয়ে এসেছে, তা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতৃস্থানীয়দের অবশ্যই আচরণ ও জবাবদিহিতার মানদণ্ডে সেরা হতে হবে, যা সম্প্রতি রক্ষা করা হয়নিত
ক্রিস মার্টিনের ওই রসিকতাটি কেবল হাস্যরসের খোরাকই নয়, বরং কনসার্টে অংশগ্রহণকারীদের মধ্যেও একটি সচেতন বার্তা ছিল। এটি ছিল স্পষ্টভাবে গত সপ্তাহের বিতর্কিত ঘটনার একটি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া।