নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়ার সংবাদ সম্মেলন করে ফরিদপুর নাগরিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একরামুজ্জামান প্যানেল।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের সদস্যদের সম্মতিক্রমে লিখিত বক্তব্যে জানান, আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা মনোনয়ন দাখিল করলেও নির্বাচন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম লক্ষ্য করেছেন। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ, মৃত ব্যক্তিদের নাম অপসারণ, সদস্যদের মাসিক চাঁদা পরিশোধের ভিত্তিতে ভোটার তালিকা প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া অভিযোগ করা হয়, ভোটার তালিকায় অনিয়মিত সদস্যদের অন্তর্ভুক্তি, রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষরবিহীন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা এবং বহিরাগতদের ভোটার তালিকায় রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনের প্রতীক বরাদ্দের নির্ধারিত সময়সীমা উপেক্ষা করে আগেভাগেই প্রতীক ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। একই সঙ্গে বিরোধী প্যানেলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রশ্ননামার মাধ্যমে হয়রানির অভিযোগও তোলা হয়।
একরামুজ্জামান প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়, এসব অনিয়মের কারণে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এটি একটি পক্ষকে সুবিধা দেওয়ার লক্ষ্যে সাজানো নির্বাচন। তাই তারা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়ে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
প্যানেলের অন্যান্য সদস্যরা বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছি। কিন্তু বাস্তব পরিস্থিতি আমাদেরকে হতাশ করেছে। তাই এই প্রহসনের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।”
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Reporter Name 
























