দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী মঙ্গলবার (১ জুলাই) থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হচ্ছে, যার আওতায় অবশিষ্ট সব প্রাথমিক শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন তিনি। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইশতেহারে শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষক রয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতেই নতুন এই কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।” তিনি আরও জানান, শিক্ষার মান ও পাঠদানের দক্ষতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক পর্যায়ে ইংরেজি শিক্ষার দুর্বলতা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সব শিক্ষকের জন্য প্রশিক্ষণ চালু হলে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
একই অধিবেশনে উপকূলীয় অঞ্চল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সুনীল অর্থনীতির উন্নয়ন এবং সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
Reporter Name 





















