ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় উৎপত্তি হওয়া ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পে সিলেট ও আশপাশের সীমান্ত এলাকায় হালকা কাঁপুনি টের পান মানুষ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এই ভূকম্পন হয়। যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এই কম্পন শুধু শিলচরেই সীমাবদ্ধ ছিল না। ভারতের আসামের বিভিন্ন অঞ্চল এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় তা অনুভূত হয়। হঠাৎ এমন কম্পনে সীমান্ত এলাকার মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার (৫ এপ্রিল) রাত ১টা ৪ মিনিটে কুমিল্লার লাকসাম এলাকার কাছে ৩ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৪৯ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি হওয়ায় এ ধরনের মৃদু ও মাঝারি কম্পন মাঝেমধ্যেই অনুভূত হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ৩০ দিনে দেশে ৪ দশমিক ৪ মাত্রা পর্যন্ত প্রায় ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তাদের মতে, এসব কম্পন বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও সচেতন থাকা জরুরি।