সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুস্তাফিজকে বাদ দেওয়ার দুই মাস পর কলকাতায় মুজারাবানি

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

স্পোর্টস: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রায় দুই মাস পর নতুন পেসার দলে নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন দলটি এবার জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির সঙ্গে চুক্তি করেছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা এর আগে আইপিএলের নিলামে মুস্তাফিজকে নিয়ে বেশ প্রতিযোগিতার মধ্যেই তাকে দলে ভিড়িয়েছিল। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে পরের মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা।

মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এত দিন কোনো বদলি খেলোয়াড় নেয়নি দলটি। শেষ পর্যন্ত পেস বোলিং বিভাগ শক্ত করতে জিম্বাবুয়ের এই ডানহাতি পেসারকে দলে নেওয়া হলো।

আইপিএলে খেলতে পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন মুজারাবানি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইতোমধ্যে ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। পিএসএলের নিলামে প্রথমে অবিক্রীত থাকলেও পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড।

মুজারাবানির আইপিএলে এখনও অভিষেক হয়নি। তবে এর আগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ছিলেন। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল সেই ফ্র্যাঞ্চাইজি। এছাড়া ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে নেট বোলার হিসেবেও কাজ করেছিলেন তিনি।

সাম্প্রতিক টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন মুজারাবানি। ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার। বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা হয় তার।

এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছিল বলে আলোচনা ওঠে। পরে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স মুস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে নেয়।

আগামী ২৬ মার্চ শুরু হবে পাকিস্তান সুপার লিগ। তার দুই দিন পর শুরু হবে আইপিএল। টানা দ্বিতীয় বছরের মতো একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

এর আগে আইপিএলে খেলার জন্য পিএসএল থেকে সরে দাঁড়ানোর ঘটনা ঘটেছে। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশ পেশাওয়ার জালমির সঙ্গে চুক্তি থাকার পরও আইপিএলে খেলতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। সেই কারণে তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

 


এই বিভাগের আরো খবর