স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় বললেন, “সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন। এ লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস- এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর কথা বলেছি।
তিনি বলেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে, বলবেন- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।
সালাহউদ্দিন বলেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিত সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।
নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন চলছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে শুরু হয় এই কর্মশালা।