আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আরো এক দফা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এএফপি’র প্রতিবেদন বলছে, এই বৈঠকে লেবানন সরকার বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরো এক মাস বাড়ানোর অনুরোধ জানাবে, যার সময়সীমা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হওয়ার কথা।আলোচনায় একটি বড় মোড় হিসেবে দেখা দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান। হিজবুল্লাহর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গোষ্ঠীটি চলমান সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা মেনে নিতে পারে।
বুধবার (২২ এপ্রিল) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার জানান, লেবাননের সঙ্গে ইসরায়েলের কোনো ‘গুরুতর মতবিরোধ’ নেই। তিনি শান্তি ও স্বাভাবিকীকরণের পথে প্রধান বাঁধা হিসেবে হিজবুল্লাহকে দায়ী করেন।
লেবাননের সঙ্গে ইসরায়েলের বর্তমানে ১০ দিনের যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিলসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী তাদের দখলে নেওয়া এলাকাগুলোতে লেবাননের বাড়িঘর ব্যাপকভাবে ধ্বংস করছে।
Reporter Name 


















