বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটে শেষ হয় বলে জানা গেছে।

প্রতিনিধি দলে আরও ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ও আলোচনায় এসেছে।

ড. মঈন খান বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি সৌহার্দ্যপূর্ণ শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র। অতীতেও তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। দেশে নতুন সরকার গঠনের পর স্বাভাবিকভাবেই তারা জানতে চায় এখানে কী ঘটছে, আমাদের নীতিমালা কী এবং ভবিষ্যতে আমরা কীভাবে এগোতে চাই।”

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, বৈদেশিক নীতি এবং বৈশ্বিক বিভিন্ন ঘটনার প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সেসব বিষয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে। কী আলোচনা হয়েছে, তা সরকারই ভালোভাবে জানাবে। আমাদের আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের জনগণের সম্পর্ক এবং ভবিষ্যৎ নীতিমালা।”

এদিকে একই দিনে সকাল ৯টায় রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন পল কাপুর। জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।


এই বিভাগের আরো খবর