শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্স শিবিরে এমবাপেকে নিয়ে শঙ্কা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

খেলাধুলা:ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে, ফ্রান্স শিবিরে তখন অন্য এক উদ্বেগ। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি, রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে যেতে পারেন-এমন আশঙ্কা করা হচ্ছে। গত ডিসেম্বর থেকে এমবাপের বাঁ হাঁটুর একটি লিগামেন্টে প্রদাহ রয়েছে বলে জানা গেছে। গত ছয় সপ্তাহ ধরে তিনি কার্যত ‘এক পায়ে’ খেলছেন-এমনটাও উঠে এসেছে ফরাসি গণমাধ্যমে। গতিই যার মূল অস্ত্র, সেই এমবাপের জন্য এটি বড় ধাক্কা। ফরাসি ক্রীড়া দৈনিক লেকুইপে জানিয়েছে, অস্ত্রোপচারের ঝুঁকি এড়াতে এবং চোট যেন না বাড়ে, সে জন্য দ্রুতগতির (অ্যাকসেলারেটেড) চিকিৎসা কর্মসূচিতে যাচ্ছেন এমবাপে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে লা লিগায় অন্তত তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। বিশ্রাম ও পুনর্বাসনে তাঁর হাঁটু কীভাবে সাড়া দেয়, সেটি পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। লক্ষ্য একটাই-চার মাসেরও কম সময় বাকি থাকা বিশ্বকাপে এমবাপেকে পুরোপুরি ফিট রাখা। বর্তমানে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড সময়ের সঙ্গে লড়ছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অ্যান্তোনিও গ্রিজম্যান অবসরের পর ফ্রান্স দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এমবাপে। এখন তিনিই দলটির প্রাণভোমরা। যদিও তারকা ফরোয়ার্ডের চোট নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রিয়াল মাদ্রিদ। তবে অনুশীলনে তার অনুপস্থিতি ও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলাই ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু। এমবাপের পরিস্থিতি আলাদা করে ভাবনা চিন্তারও খুব বেশি সুযোগ নেই মাদ্রিদের। একাধিক তারকার শূন্যতায় ভুগতে হচ্ছে রিয়াল কোচকে। চোটে আছেন জুড বেলিংহ্যাম, মিলিটাওরা। আর রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত।


এই বিভাগের আরো খবর