জিয়া সাইদ
সময় উড়াতে গিয়ে
জলের লীলায় জমে থাকি
যমুনার পাড়ে
ঝিলিক পল্লব ডাক দিলে
উঠে আসি বৃক্ষের বিভাসে
তলের চিত্রল ছায়া, শান্তি দেখে
মূলে চলে যাই
ছড়িয়ে সেঁধিয়ে বসে চোখ বুজে থাকি
ভুলে যাই
দিনশেষে চলে যাব
অন্য বৃত্তে
অন্য বহতায়…
মানুষ, নিসর্গ –
যখন যে টানে
কাছে যেতে যেতে তার প্রাণে ঢুকে যাই
ভুলে যাই
কত ঠুনকো উটকো উছিলায়
প্রাণ থেকে প্রাণ ছিন্ন হয়ে যায়
একদিন প্রাণ চলে যায় ভিন্নলোকে….