কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া-মহেশখালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আগামী ৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
কুতুবদিয়া সমুদ্র বিলাস পয়েন্টের মনোরম সমুদ্র সৈকতে আয়োজিত এ জনসভায় অর্ধলাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী মিডিয়া উইংয়ের আহ্বায়ক ও জামায়াত নেতা আকবর খাঁন। শনিবার (৩১ জানুয়ারি) কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে দৈনিক হিমছড়ি পত্রিকার বার্তা প্রধান হুমায়ুন সিকদারসহ জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. ছৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
জনসভাকে ঘিরে কুতুবদিয়া জুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এই জনসভা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের বার্তা দেবে।