শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দলছুটের অ্যালবাম ১২ বছর পর আসছে

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বিনোদন: জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ গড়ে তুলেছিলেন সঞ্জীব চৌধুরী। প্রখ্যাত এই গায়ক-সাংবাদিক প্রয়াত হন ২০০৭ সালের ১৯ নভেম্বর। এরপর ২০১২ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম ‘আয় নিমন্ত্রণ’। দীর্ঘ ১২ বছর পর আবার নতুন অ্যালবাম নিয়ে আসছে ‘দলছুট’। এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে প্রয়াত সঞ্জীবের নামেই ‘সঞ্জীব’। উৎসর্গও করা হয়েছে তাঁকে। অ্যালবামের গানগুলোতে ফুটে উঠেছে সঞ্জীবের প্রতিচ্ছবি। দলটির প্রধান ও ভোকালিস্ট বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সব সময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তাঁর প্রতি সেই ভালোবাসা উদযাপন করতেই আমাদের এই অ্যালবাম। তাঁকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানে। সঞ্জীব দাদাকে আমরা ভালোবাসি, মিস করি এখনো। তাই তাঁকেই ট্রিবিউট করেছি অ্যালবামটি।’ জানা গেছে, অ্যালবামটি দীর্ঘ আট বছর ধরে সাজানো হয়েছে। গত শনিবার স্বাধীন মিউজিকের অ্যাপে মুক্তি পেয়েছে পুরো অ্যালবাম। কিছুদিনের মধ্যে অনলাইন ও অন্যান্য প্ল্যাটফরমে গানগুলো প্রকাশ করা হবে। অ্যালবামটিতে গান লিখেছেন কবির বকুল, জুলফিকার রাসেল, শেখ রানা, রাসেল ও’নীল [প্রয়াত], ইন্দ্রনীল, মাস মাসুম, শাহান কবন্ধ ও দীপন। গানগুলোর শিরোনাম ‘সঞ্জীব’, ‘তুমি যাও’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছ নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মেঘ জমেছে’, ‘তার ছায়ায়’, ‘প্রবঞ্চনা’ ও ‘মন দাবাড়ু’। বাপ্পা বলেন, ‘গানগুলো সব মেলোডিনির্ভর। তবে রক ও ফোক ধাঁচের গানও আছে। সেই সঙ্গে শ্রোতারা পাবেন দলছুটের নিজস্ব ধারাও।’ ‘দলছুট’ ব্যান্ডের বর্তমান লাইনআপ-ভোকাল ও গিটার বাপ্পা মজুমদার, গিটারে মাসুম ওয়াহিদুর, বেইস গিটারে জন শার্টন, ড্রামসে ডানো শেখ, কি-বোর্ডে সোহেল আজিজ, ম্যানেজার শাহান কবন্ধ।


এই বিভাগের আরো খবর