আনন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার নিন্দা জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ শীর্ষ নেতারা নিরাপদ আছেন। ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি স্বস্তি প্রকাশ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিরাপদ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেয়া এক পোস্টে মোদি বলেন, ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ঘটে যাওয়া এই ঘটনার পর ট্রাম্প ও অন্যরা নিরাপদ আছেন জেনে তিনি ‘স্বস্তি’ পেয়েছেন। তিনি তাদের নিরাপত্তা কামনা করেন এবং বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই। এ ধরনের ঘটনা স্পষ্টভাবে নিন্দা করা উচিত। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গত শনিবার রাতে নৈশভোজ চলাকালে এক ব্যক্তি শটগান দিয়ে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নেয়। এক এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানান, ওই ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ট্রাম্প বলেন, ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্টের কারণে রক্ষা পেয়েছেন এবং ভালো আছেন। কর্তৃপক্ষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ট্রাম্প তাকে ‘অসুস্থ মানসিকতার’ ব্যক্তি বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত সব ফেডারেল কর্মকর্তা নিরাপদ আছেন। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চৌকিতে আক্রমণ করার চেষ্টা করে। সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে দমন করে।’ ট্রাম্পের শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দ্রুত নিরাপত্তা চেকপয়েন্ট পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। কিছু সময়ের জন্য নিরাপত্তা কর্মীরা চমকে গেলেও পরে তারা অস্ত্র তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
Reporter Name 


















