দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ১৮৩ জনে।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে নতুন করে ১৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৮৪৬ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৩৮২ জন। তবে একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬২ শিশু, যার মধ্যে ঢাকা বিভাগের ৩৭০ জন রয়েছে।
সংক্রমণের বিস্তার যে কতটা বড় আকার নিচ্ছে, তা দীর্ঘ সময়ের পরিসংখ্যানেই স্পষ্ট। ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ২৪ হাজার ৭৭৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৬ হাজার ১৭২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৬১৭ জনের শরীরে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ২৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে দেশে হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। তারা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
Reporter Name 


















