দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ‘ফুয়েল পাস’ সিস্টেমের আওতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে আরও ১৯ জেলায় এই অ্যাপভিত্তিক নিবন্ধন কার্যক্রম চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে যেসব জেলায় নিবন্ধন শুরু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম চালু করা হবে।
জ্বালানি বিভাগ বলছে, কিউআর কোডভিত্তিক এই ‘ফুয়েল পাস’ মূলত একটি ডিজিটাল বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম। এর মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা আনা, নজরদারি বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক বা পাইলট পর্যায়ে রয়েছে।
এর আগে ৯ এপ্রিল রাজধানীতে সীমিত পরিসরে এই অ্যাপ চালু করা হয়। শুরুতে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এই সেবা চালু করা হয়। পরে ১৮ এপ্রিল আরও কয়েকটি জেলা ও মহানগরে পাইলট কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
জ্বালানি খাতে এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক সময়ের কিছু সংকটও ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর দেশে পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি না পাওয়া এবং কৃত্রিম সংকটের অভিযোগ সামনে আসে। এমন প্রেক্ষাপটে সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা আনতেই ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে যায় সরকার।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে অপচয় কমবে এবং অনিয়ম নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে সংকটের সময় জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
Reporter Name 


















