পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রোববার (২২ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের ব্যাপক চাহিদার কারণে মাত্র ২০ মিনিটের মধ্যেই একেকটি বাসের সব টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সরেজমিনে গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, রংপুর, রাজশাহী, খুলনা, ঠাকুরগাঁও ও বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যের কাউন্টারগুলোতে টিকিটের জন্য দীর্ঘ লাইন। মূলত বেসরকারি চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ঈদের আগে ছুটি পাননি, তারাই আজ পরিবার নিয়ে বাড়ির পথ ধরেছেন। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, গতকাল ঈদের দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কয়েক গুণ বেশি।
সোহাগ পরিবহনের কাউন্টার কর্মী আবু কায়েস শান্ত জানান, “আজ যাত্রীদের অভাব নেই। মাগুরা-যশোর হয়ে খুলনাগামী একটি বাসের টিকিট ছাড়ার ২০ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাচ্ছে। একটার পর একটা গাড়ি দিচ্ছি, তাও সামাল দেওয়া কঠিন হচ্ছে।”
বেসরকারি চাকরিজীবী রবিউল ইসলাম সস্ত্রীক রংপুরের পীরগঞ্জ যাওয়ার জন্য সকালে কাউন্টারে আসেন। তিনি জানান, টিকিট পেলেও স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বাড়তি ভাড়া গুনতে হয়েছে। রবিউলের মতো অনেক যাত্রীই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ করতে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। তবে যাত্রীচাপের সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন মালিক বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।