বিদেশ : ইরানের প্রতিশোধমূলক হামলার পর থেকে এখন পর্যন্ত ১০৫টি ক্ষেপণাস্ত্র ও ১৭৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা। দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য সম্পদ থাকা দেশগুলোকে লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, তার অংশ হিসেবেই বাহরাইন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে ইরানের এসব হামলা প্রতিহত করছে। আরো বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বাহরাইন প্রতিরক্ষা বাহিনী। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।