মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার। ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক মাসের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কাতারে বাংলাদেশ দূতাবাস ও দোহাভিত্তিক সংবাদমাধ্যম দোহা নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সোমবার (২ মার্চ) বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে বিভিন্ন দেশ ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানায়। সেই অনুরোধ বিবেচনায় নিয়ে কাতার সরকার এ সিদ্ধান্ত নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার সময়সীমা লঙ্ঘিত হয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর উল্লেখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কাতারের বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অনেক বিদেশি নাগরিক অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। নতুন এই সিদ্ধান্তে তারা আপাতত স্বস্তি পাচ্ছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।