জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান আরও একটি নতুন গান শ্রোতাদের জন্য উপহার দিতে যাচ্ছেন। গানটির শিরোনাম ‘আল্লাহ মাফ করো’। এর কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাবুল আকাইদ। গানটি প্রসঙ্গে মনির খান জাগো নিউজকে বলেন, ‘আগামী ২৬ তারিখ, রোজ বৃহস্পতিবার “আল্লাহ মাফ করো”ইসলামিক গানটি প্রচারিত হবে গক গঁংরপ ২৪ চ্যানেলে, ঠিক দুপুর ৩টায়। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন গানটি সবার আগে উপভোগ করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘গানটি আগেই করা ছিল। এর কথা, সুর ও সংগীত-সবকিছুই পবিত্র রমজান মাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই এ মাসেই গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। গানের প্রতিটি লাইন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। বাবুল আকাইদের আগেও আমার বেশ কয়েকটি গান করেছেন। তার গানের ভাবনা আমার ভীষণ পছন্দের। গানটিতে পরকালের কথা ফুটে উঠেছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী। ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।