সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ হয়ে ২ ভারতীয় পুলিশ সদস্য নিহত

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : পাকিস্তান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে কর্তব্যরত অবস্থায় গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাব পুলিশের দুই সদস্য। গুরুদাসপুর জেলার দোরাংলা থানার আদিয়ান গ্রামের চেকপয়েন্টে অশোক কুমার এবং গুরনাম সিং নামে দুই অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের একজন সহকারী উপ-পরিদর্শক এবং অন্যজন হেড কনস্টেবল। সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এঙ্প্রেস জানায়, ঘটনাটি ঘটেছে দোরাংলা থানার অন্তর্গত আদিয়ান গ্রামে। জানা গেছে, ভারত-পাক সীমান্তের কাছে একটি চেকপোস্টে এই দুই পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চেকপোস্টের কাছে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। অন্য নিরাপত্তা কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই দুই পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের গুরুদাসপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী উপস্থিত না থাকায় মামলাটি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে পুলিশ বিভাগ। বর্তমানে পুলিশের সামনে দুটি বড় প্রশ্ন রয়েছে; দুই পুলিশ সদস্যের মধ্যে কি কোনো বিষয়ে তর্ক হয়েছিল এবং তারা একে অপরের ওপর গুলি চালায়? নাকি এই ঘটনার সঙ্গে কোনো তৃতীয় ব্যক্তি জড়িত? এই ঘটনার খবর পাওয়ার পরই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজের খোসা এবং অন্যান্য প্রমাণের নমুনা সংগ্রহ করেছে। কোন অস্ত্র থেকে এবং কোন দিক থেকে গুলি চালানো হয়েছে তা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু এলাকাটি আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি, তাই নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। পুলিশ বর্তমানে এই মামলায় আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। পুলিশ শুধুমাত্র জানিয়েছে, তদন্ত চলছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং অন্যান্য পোস্টগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর