আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকের ব্যবহার হবে কি না, তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, বিষয়টি মূলত সংসদে অনুমোদিত বিল বা অর্ডিন্যান্সের উপর নির্ভর করছে।
তিনি বলেন, “আমার জানা অনুযায়ী, মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়ন বিষয়টি অর্ডিন্যান্সের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। যদি বিলটি অনুমোদন পায়, নির্বাচন সেইভাবে হবে। আর যদি পূর্বের অবস্থায় ফিরে যায়, তবে ভিন্ন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।”
সংরক্ষিত নারী আসন সম্পর্কেও কমিশনার মাছউদ জানান, এই নির্বাচনের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। তিনি যোগ করেন, দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে এবং শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নাকি নির্দলীয়ভাবে ভোট হবে—এ প্রশ্নে ইসি পরিষ্কার জানায়, সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে মেয়র পদে নির্দলীয়ভাবে ভোট প্রদানের অধ্যাদেশ জারি করেছিল। তবে তা কার্যকর হওয়ার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন। নির্বাচনের নিয়মাবলী সংশোধন বা রেটিফিকেশন হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সরকার গঠন করেছে, তাই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়টি কার্যত তাদের অবস্থানের ওপর নির্ভর করছে। সংসদের প্রথম অধিবেশন সম্ভবত মার্চের দ্বিতীয় সপ্তাহে বসবে। তাতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হবে।
Reporter Name 





















