বিদেশ : সুদানে চলমান সংঘাতের স্থায়ী ও কার্যকর সমাধানে আন্তর্জাতিক সমপ্রদায়কে পাঁচ দফা ঐকমত্য বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। ফু ছোং বলেন, ‘সুদানে সংঘাত আরও ছড়িয়ে পড়তে দেওয়া উচিত হবে না আন্তর্জাতিক সমপ্রদায়ের। বেসামরিক হতাহতের ঘটনা মেনে নেওয়াও উচিত নয়।’ তিনি জানান, পাঁচ দফা ঐক্যমত্যের মধ্যে রয়েছে—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর, মানবিক সংকট নিরসন, মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার, রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করা এবং উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া। ফু বলেন, এগুলোর মধ্যস্থতায় জাতিসংঘের অগ্রণী ভূমিকা পালন করা উচিত এবং আফ্রিকান ইউনিয়ন, আরব লিগ ও আন্তঃসরকার উন্নয়ন কর্তৃপক্ষের মতো আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো উচিত।