বলিউড অভিনেত্রী রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি ৩’ বঙ্ অফিসে ধীরে শুরু করলেও এখন দারুণ গতিতে ছুটছে। মুক্তির সময় প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছিল ‘বর্ডার ২’। ফলে প্রথম কয়েকদিন কিছুটা চাপে ছিল সিনেমাটি। তবে ইতিবাচক রিভিউ আর দর্শকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বদলেছে। ‘যশরাজ ফিল্মস’র ব্যানারে নির্মিত সিনেমা ৩০ জানুয়ারি মুক্তি পায়। প্রথম দিন ৪ কোটি রুপি আয় করে খাতা খোলে ‘মর্দানি ৩’। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংগ্রহ। ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে সিনেমাটি আয় করেছে ১ দশমিক ১০ কোটি রুপি। সব মিলিয়ে ভারতীয় বঙ্ অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯০ কোটি রুপি। ‘মর্দানি ৩’ সিনেমায় উঠে এসেছে নারী ও শিশু পাচারের মতো স্পর্শকাতর বিষয়। একাধিক কিশোরীর নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়ে রানির চরিত্রটি মুখোমুখি হয় এক ভয়ংকর মানবপাচার চক্রের। উল্লেখ্য, ‘মর্দানি ৩’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা নির্মাণ করেছিলেন প্রদীপ সরকার, যা মুক্তি পায় ২০১৪ সালে। ২০১৯ সালে দ্বিতীয় কিস্তি পরিচালনা করেন গোপী পুথরান। আর ‘মারদানি ৩’র পরিচালনায় ছিলেন অভিনব মিনাওয়ালা।