সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেরালার উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজডুবি

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ মে, ২০২৫

আন্তর্জাতিক: আরব সাগরের বুকে ভারতের কেরালা রাজ্যের উপকূলের কাছাকাছি একটি বিপজ্জনক পণ্যবাহী কার্গো জাহাজ ডুবে যাওয়ায় অঞ্চলজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমএসসি এলসা ৩’ নামের এই জাহাজটি ভিঝিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রাকালে দুর্ঘটনায় পড়ে। জাহাজটিতে বিপুল পরিমাণ জ্বালানি ও রাসায়নিক পদার্থ বহন করা হচ্ছিল, যার মধ্যে বেশ কয়েকটি উপাদান পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে আশঙ্কা করা হচ্ছে।

বিপর্যয়টি ঘটে গত রোববার কেরালার কোচি উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের জলসীমায়। এর আগের দিন গত শনিবার দুপুরে জাহাজটি ভারসাম্য হারিয়ে হেলতে শুরু করে এবং ভারতীয় কর্তৃপক্ষের সহায়তা চায়। পরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে জাহাজে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়।

‘এমএসসি এলসা ৩’ জাহাজটিতে মোট ৬৪০টি কন্টেইনার ছিল। এর মধ্যে ১৩টিতে ছিল ‘বিপজ্জনক পদার্থ’ এবং ১২টি কন্টেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড। এছাড়া জাহাজটির ট্যাঙ্কে মজুত ছিল ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ও ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল। জাহাজটি ডুবে যাওয়ার ফলে এসব পদার্থ সাগরের পানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই সাগরে তেল ছড়িয়ে পড়া শনাক্তে উপকূলরক্ষীরা বিশেষ বিমান এবং দূষণ নিয়ন্ত্রণ জাহাজ পাঠিয়েছে। সমুদ্রতলে ছড়িয়ে পড়া তেল কেরালার আলাপুঝা, আম্বালাপুঝা, আরাট্টুপুঝা ও কারুনাগাপল্লির সৈকতগুলোতে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিস’।

এদিকে, ক্যালসিয়াম কার্বাইড পানিতে মিশে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করতে পারে, যা প্রাণীদের স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

কেরালার রাজ্য বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ মানুষকে উপকূলে ভেসে আসা কন্টেইনার বা কোনো ধরনের রাসায়নিক পদার্থ স্পর্শ না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তেমন কিছু দেখলেই পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাতে বলা হয়েছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ইন্সপেক্টর জেনারেল বিশম শর্মা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল জাহাজটি স্থির থাকবে। কিন্তু, জল প্রবেশ করায় জাহাজটি হঠাৎ করেই ডুবে যায়। এখন সাগরে ছড়িয়ে পড়া কন্টেইনারগুলো ভেসে বেড়াচ্ছে, যা অন্যান্য জাহাজের জন্য নতুন বিপদের আশঙ্কা তৈরি করছে।

উপকূলবর্তী অঞ্চলে কন্টেইনারগুলো ভেসে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এসব কন্টেইনার ছুঁয়ে দিলে অথবা খুললে সরাসরি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

কেরালা রাজ্য সরকার ও উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিবেশগত বিপর্যয় প্রতিরোধে জরুরি প্রস্তুতি নিচ্ছে। কেরালার মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্থানীয় জনগণ ও জেলেদের সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি, পিটিআই এবং দ্য হিন্দু একাধিক প্রতিবেদনে এই তথ্যগুলো নিশ্চিত করেছে।


এই বিভাগের আরো খবর