কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবির পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
২৪ বছর বয়সী মুনতারিন ফেরদৌস ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার মা ইয়াসমিন ফেরদৌস। বর্তমানে তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর। ওই বছরের ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান আনার। কলকাতায় বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠার পর সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি জানান। গোপাল বিশ্বাসও কলকাতায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
১৮ মে পরিবারের পক্ষ থেকে আনারের সঙ্গে যোগাযোগ করতে না পারার বিষয়টি জানানো হয়। পরে ২২ মে ভারত ও বাংলাদেশের পুলিশ জানায়, কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে। তদন্তে পুলিশ হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে জানায়। এ ঘটনায় কলকাতায় মামলা হয়। বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলাও করেছিলেন ডরিন। সে সময় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিচার দাবি করতে দেখা যায় তাকে।
ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। তদন্তসংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন আনারের বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ড বাস্তবায়নে ভূমিকা রাখেন চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়া।
তৎকালীন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছিলেন, হত্যার পর সংসদ সদস্যের শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে আসে। গ্রেপ্তার আসামিরা একে একে জামিনে মুক্তি পান। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া।