1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে বিজয় দিবস উদ্‌যাপন করবে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালি করবে বিএনপি। এ ছাড়া ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরো বিজয় মাসজুড়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, ১ ডিসেম্বর থেকে বিজয় মাসের কর্মসূচি শুরু হবে। ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপন করা হবে। মাসের শেষ দিন ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আরও কর্মসূচি পালন করা হবে। তবে এসব কর্মসূচির বিস্তারিত পরে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। সরকার কোনো রক্তপাত চায়নি। আত্মসংযম ও দায়িত্বশীল আচরণের কারণে বিএনপি দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক আচরণ করার অঙ্গীকার থেকেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে বিএনপি। এর লক্ষ্য দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা এবং রাজনৈতিক চর্চাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যাদের বিরুদ্ধে এসব অপরাধের বিচার চলছে, তা অব্যাহত থাকবে। দেশে গণহত্যা ও হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে। সংবিধান এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধান অনুযায়ী ব্যক্তি ও সংগঠন হিসেবে দায়ীদের বিচার করা হবে।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দেওয়া হবে। এরপর আদালত আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারেই দলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসে গণহত্যা ও রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ দেশের মানুষ হত্যার দায়ে অভিযুক্ত শাসকগোষ্ঠী অনেক দেশেই রাজনৈতিকভাবে ফিরে আসতে পারেনি। তার দাবি, বাংলাদেশেও প্রকৃত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না এবং তারা আর রাজনীতি করতে পারবে না।
তিনি আওয়ামী লীগের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর দলটির ইতিহাসে একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রবণতা ছিল। একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষায়, সাংবিধানিকভাবে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগের মধ্য দিয়ে দলটি নিজের রাজনৈতিক অবস্থানকেই সংকটের মুখে ফেলেছিল।
বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এর ফলে আওয়ামী লীগও আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দলটি আবারও নিজেদের একদলীয় রাজনৈতিক চরিত্র প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি। সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল, যা জনগণের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য এবং রক্তপাতের মধ্য দিয়ে গণতন্ত্র আবার মুক্ত হয়েছে। তার দাবি, অতীতে যখনই স্বৈরতন্ত্র এসেছে, বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি সেই রাজনৈতিক ধারাকে এগিয়ে নিতে চায়। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মাধ্যমে দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সেটিই দলের অঙ্গীকার।
এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো অস্থিরতা দেখছেন না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। সরকার ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd