1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৯ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে একজনের হাম নিশ্চিত ছিল। বাকি সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশে হাম নিশ্চিত হওয়ার পর ১০৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৭১।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিন শিশু, রংপুর বিভাগে দুই শিশু এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগে হাম নিশ্চিত হওয়ার পর একজন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭ জন। এ নিয়ে এ বছর সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি। এর আগে ২০০৬ সালে একটি জরিপে হামে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তী বছরগুলোর মধ্যে ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জন, ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd