ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে মোবাইল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৮ নভেম্বর এ মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খান ইকবালের মেয়ে ইসরাত জাহান ইথি (২১)-এর একই এলাকার মেঝো চাচা খান রোকন (৫০), চাচাতো ভাই খান ইমন (২০) এবং চাচাতো বোন ইমা (১৫)-এর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ১৭ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে তিনি রান্নাঘরে ব্যস্ত থাকার সুযোগে ৩ নম্বর বিবাদী ইমা তার শয়নকক্ষে প্রবেশ করে টেবিলের ওপর রাখা আনুমানিক ১৮ হাজার টাকা মূল্যের একটি ‘রিয়েলমি নোট ০৭’ মডেলের মোবাইল ফোন নিয়ে যান। রান্না শেষে কক্ষে গিয়ে ফোনটি না পেয়ে তিনি বিষয়টি স্বামী রবিউল সরদারকে জানান।
পরে রবিউল সরদার এক বন্ধুর মাধ্যমে ফোনের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করে জানতে পারেন, ফোনটি এলাকার মধ্যেই অবস্থান করছে।
খোঁজাখুঁজির একপর্যায়ে আমবাগান এলাকায় ৩ নম্বর বিবাদীর হাতে মোবাইলটি দেখতে পান তিনি। ফোনটি ফেরত চাইলে তা মাটিতে আছড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
বাদীর দাবি, ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ৩ নম্বর বিবাদীকে বাড়িতে নেওয়া হলেও তার মা মেয়েকে অন্যত্র সরিয়ে রেখে অপহরণের অভিযোগ তোলেন। এরপর থেকে ১ ও ২ নম্বর বিবাদী বাদী ও তার স্বামীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর সিংঙ্গাতি বাজারে রবিউল সরদারকে একা পেয়ে ১ ও ২ নম্বর বিবাদীসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখমের পাশাপাশি বাম চোখের নিচে ও বাম হাতে কালশিটে ও রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে শেখ মিতিয়ার (৫৯) ও খান ইকবাল (৪০)-সহ স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়া এবং স্বামীর চিকিৎসায় ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ইসরাত জাহান ইথি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ করেছেন।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান
বলেন, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”