1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে তথ্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব: ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৯০ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। গতকাল বুধবার বিবিসি রাশিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর তথ্য বিশ্লেষণের জন্য পাওয়া গেছে। বেলারুশের হ্যাকার গ্রুপ সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো যৌথভাবে রাশিয়ার সরকারি তথ্যভান্ডারে প্রবেশ করে এসব নথি সংগ্রহ করে। রসস্ট্যাট সাইবার হামলার স্বীকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংস্থাটির দাবি, গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি। ফাঁস হওয়া নথির সত্যতা যাচাই করতে বিবিসি রাশিয়ান ও স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা যুদ্ধের শুরু থেকে বিভিন্ন উন্মুক্ত সূত্রে সংগৃহীত রুশ সেনাদের মৃত্যুর তালিকার সঙ্গে তথ্যগুলো মিলিয়ে দেখে। এতে প্রায় ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে। নথি বিশ্লেষণে আরও দেখা যায়, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মৃত্যুর ৬৫ শতাংশই ইউক্রেন যুদ্ধে ঘটেছে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৫৯ শতাংশ। অন্যদিকে, ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের ক্ষেত্রে হৃদ্‌রোগ ও রক্তনালিজনিত সমস্যায় মৃত্যুর সংখ্যা যুদ্ধের প্রাণহানির চেয়ে বেশি। যুদ্ধের ময়দানে রাশিয়ার ক্ষয়ক্ষতির আরেকটি চিত্রও উঠে এসেছে এসব নথিতে। ইউক্রেনের মাত্র ১০টি গ্রাম দখল করতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরুর আগে ওই গ্রামগুলোর মোট জনসংখ্যা ছিল প্রায় ১২ হাজার। এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের দক্ষিণে অবস্থিত আন্দ্রিয়িভকা গ্রাম দখলের লড়াইয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা নিহত হন। অথচ যুদ্ধের আগে গ্রামটির বাসিন্দা ছিলেন মাত্র ৭৪ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে রাশিয়া নিজেদের সেনাদের মৃত্যুর পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। এমনকি দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। ফলে যুদ্ধের প্রকৃত প্রাণহানির চিত্র জানা কঠিন হয়ে পড়ে। তবে ফাঁস হওয়া নথিতেও সব মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত নেই। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের দখলকৃত এলাকায় রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করা সেনাদের মৃত্যুর প্রায় ৭০ শতাংশের তথ্য এসব নথিতে পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, সরকারি নথিতে প্রকাশিত হিসাবের বাইরেও উল্লেখযোগ্যসংখ্যক সেনার মৃত্যুর তথ্য বাদ পড়ে থাকতে পারে। ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রকৃত প্রাণহানির সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd