1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজধানীর মিরপুর-১৩ এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার কাছে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয় বলে জানা গেছে। ওই দুই কারখানায় প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রম বন্ধ করে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগও উঠেছে। অন্যদিকে, বিএনপির ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁরা মিরপুর-১৪ এলাকার মার্কস মেডিকেলে চিকিৎসা নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।
সংঘর্ষের পরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় শ্রমিকদের সড়কে নেমে বিক্ষোভ করার খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের একটি বড় অংশের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়ে আসছেন তাঁরা।
এসব দাবিতে বিভিন্ন সময়ে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd