চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে গত সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পদত্যাগের কথা জানান তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের গালিগালাজ করেছেন। এমনকি তাঁর সামনেই হেলাল খানের সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সামাজিক মাধ্যমে জয় চৌধুরী বলেন, ‘যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করে, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ না সেই নেতার নেতৃত্বে থাকতে চাঁই না।’ সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে হেলাল খানের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। গত রোববার বিকেলে আয়োজিত ওই কর্মসূচিতে তাঁদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হেলাল। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয়কে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়। চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। এবার সেই দায়িত্ব থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।