রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সাতটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ওয়ারহাউস ইন্সপেক্টর লিমা খানম আগুনের খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুনে বস্তির কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও মেলেনি।