আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, সাংবাদিক পরিচয় দিলেই কেউ অন্যায় আচরণ করার অধিকার পান না। গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আদালতে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি। পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’ আদালতে যাওয়া-আসার প্রায় ছয় বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, এ সময়ে সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে তার কখনোই দুর্ব্যবহার হয়নি। তিনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন, তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনোই কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’ তার ভাষ্য, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাড টাচ বা গুড টাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’ গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এ সময় ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। পরীমনির দাবি, ওই সাংবাদিক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখান তিনি। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।