‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রম্যা কৃষ্ণান। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, পরিচালক কৃষ্ণা ভামসির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। অবশেষে আড়াল ভেঙে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের আগুনে জল ঢাললেন এই অভিনেত্রী। ‘র টকস উইথ ভিকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে রম্যা কৃষ্ণান বলেন, “আমড়া এখনও বিবাহিত। তবে নিজেদের সুবিধার জন্য আনন্দের সঙ্গে আলাদা দুটো শহরে বসবাস করছি। এর পেছনে শতভাগ কারণ আমাদের পেশা।” আলাদা থাকার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, তা জানাতে গিয়ে অতীতে ফিরেন অভিনেত্রী রম্যা। তিনি জানান, সেই সময়ে টেলিভিশন ধারাবাহিকে কাজ করতেন এবং হায়দরাবাদে পরিবারের সঙ্গে বসবাস করতেন। কাজের প্রয়োজনে প্রতি ১৫ দিন অন্তর চেন্নাই যেতেন আবার হায়দরাবাদে ফিরে আসতেন। ঘন ঘন যাতায়াতের প্রভাব তাদের ছেলে ঋত্বিকের ওপর পড়ে। রম্যা কৃষ্ণান বলেন, “প্রতিবারই শহর ছেড়ে চলে গেলে ও অসুস্থ হয়ে পড়ত।” পরে বিষয়টি নিয়ে স্বামী কৃষ্ণা ভামসির সঙ্গে আলোচনা করেন রম্যা। এরপর দুজনের সম্মতিতে ছেলেকে চেন্নাইয়ের একটি স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। ছেলের ভালো থাকার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলাদা শহরে থাকার এই ব্যবস্থা তাদের দুজনের কাছেই স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে ওঠে। আলাদা থাকার ফলে তাদের সম্পর্কের সমীকরণেও পরিবর্তন এসেছে বলে জানান রম্যা। এখন তারা একে অপরের আরও ভালো বন্ধু। আগের তুলনায় মতবিরোধ কমেছে, পাশাপাশি দুজনেই নিজেদের পেশাগত জীবনকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন। দাম্পত্য সম্পর্ক এতদিন টিকে থাকার পেছনে এই ব্যবস্থারও ভূমিকা থাকতে পারে। এ অভিনেত্রীর ভাষায়Ñ“আমড়া সারাক্ষণ ঝগড়া করার বদলে এখন আরও ভালো বন্ধু হয়ে উঠেছি।” বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে থাকার প্রস্তাব রম্যাকে দিয়েছিলেন কৃষ্ণা ভামসি। সেই প্রসঙ্গ টেনে হাসতে হাসতে রম্যা বলেন, “সত্যিই, তখন ওর প্রস্তাবে আমার রাজি হওয়া উচিত ছিল।” ১৯৯৮ সালে কৃষ্ণা ভামসি পরিচালিত তেলেগু ভাষার ‘চন্দ্রলেখা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন রম্যা। ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রম্যা ও কৃষ্ণা ভামসি। এই দম্পতির ঋত্বিক ভামসি নামে একটি পুত্রসন্তান রয়েছে।