1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে হুথিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইয়েমেনের অন্তর্র্বতী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে এডেনের প্রতিরক্ষা জোরদার করতে বাব আল-মান্দেব প্রণালির কাছের অবস্থানগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। গত ১৫ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকার অবস্থান থেকে সেনাদের সরিয়ে নতুন করে মোতায়েন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় এই বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক। সামরিক ও সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিবেশী লাহিজ প্রদেশের দুটি জেলা দখলে নেওয়ার পর হুথিরা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের অবস্থানে পৌঁছেছে। শহরটির চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে শুরু করেছে সরকারি বাহিনী। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সেনারা শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেওয়াল ও দুর্গ তৈরি করছেন। তবে হুথিরা সামনে আরও অগ্রসর হলে এটি কতটা কার্যকর হবে তা নিশ্চিত নয়। দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী বলেছে, তাদের প্রধান অগ্রাধিকার হলো ‘রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা’। একই সঙ্গে তাইজ শহরের অবরোধ ভাঙার প্রচেষ্টাসহ হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে ভিন্ন দাবি করেছে হুথিরা। তাদের সংবাদ সংস্থা সাবাড় বরাতে এক সামরিক সূত্র বলেছে, সরকারি বাহিনী বিভিন্ন অবস্থান ও সরবরাহের পথ হারিয়ে হুথিদের চাপের মুখে পিছু হটেছে। হুথি সামরিক সূত্রগুলোও এএফপিকে জানিয়েছে, সরকারি সেনারা সরে যাওয়ার পর তারা উপকূলীয় কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সেপ্টেম্বরে লোহিত সাগর উপকূলের যেসব এলাকা হুথিরা দখল করেছিল, সেগুলো পুনরুদ্ধারে ছয় সপ্তাহ ধরে পাল্টা অভিযান চালিয়েছিল সরকারি বাহিনী। অক্টোবরে ধুবাবসহ কয়েকটি অবস্থান পুনর্দখলও করে তারা। তবে তাইজের আশপাশে এবং এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রায় সরকারি বাহিনীর অভিযান ক্রমেই চাপে পড়ে। ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেনকে কেন্দ্র করে সরকার পরিচালনা করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশাসন। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে চলতি গ্রীষ্মে আবারও সংঘাত তীব্র হয়ে ওঠে। বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সরকারি সেনা সরিয়ে নেওয়ার ফলে জলপথটির ওপর হুথিদের প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এই প্রণালি। এশিয়া ও ইউরোপের মধ্যে সুয়েজ খাল হয়ে চলাচলকারী জাহাজের জন্য এটি গুরুত্বপূর্ণ নৌপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির ক্ষেত্রেও এর বড় ভূমিকা রয়েছে। ২০২৩ সালের শেষ দিক থেকে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার কারণে অনেক জাহাজকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয়Ñদুটিই বেড়েছে। এখন বাব আল-মান্দেবের আশপাশে হুথিদের অবস্থান আরও শক্তিশালী হলে আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। স্থলপথেও সংঘাতের কারণে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তাইজে প্রবেশের কয়েকটি পথ বন্ধ রয়েছে অথবা সেগুলো নিয়ে সংঘাত চলছে। শহরটির সঙ্গে এডেনের সংযোগকারী সড়কটিও এখনও বন্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে সংঘাত বেড়ে যাওয়ায় গত ১ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন তাইজ প্রদেশে। গত ১৫ নভেম্বর ইউএনএইচসিআর সতর্ক করে জানায়, লাহিজ প্রদেশের খারাজ শরণার্থীশিবির পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে শিবিরটির প্রায় ৯ হাজার ৬০০ শরণার্থী ঝুঁকির মুখে পড়েছেন। সংস্থাটি সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার পাশাপাশি যারা শিবির ছেড়ে যেতে চান, তাদের নিরাপদে বের হওয়ার পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: হুরিয়েৎ ডেইলি নিউজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd