হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ড্রোনটির নিয়ন্ত্রণ নেওয়ার পর নিরাপদে মাটিতে অবতরণ করানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, কেশম দ্বীপের দক্ষিণে অভিযান চালিয়ে ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইআরজিসির নৌবাহিনী। ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউএম-১৭০ মডেলের। খবর আল জাজিরার। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশনের মাধ্যমে ড্রোনটির দিকনির্দেশনা নিয়ন্ত্রণ করে নিরাপদে অবতরণ করানো হয়। এটি ছিল এ ধরনের চতুর্থ ড্রোন, যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ইউএভি কমান্ড অক্ষত অবস্থায় আটক করেছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালির আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পর্যন্ত মোট ৮টি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে। ইরানের দাবি, ড্রোনটি ওই এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা শনাক্ত এবং পর্যবেক্ষণের উদ্দেশে পরিচালিত হচ্ছিল। তবে ড্রোন আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল ও গ্যাস পরিবহণ করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক তৎপরতা ও নজরদারি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। সূত্র: আল জাজিরা