শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘আত্মহত্যা’র হুমকি দিলেন পরিচালক

প্রতিনিধি: / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪

বিনোদন: সিনেমার ওপর সেন্সর বোর্ডের খড়গ নতুন কিছু নয়। প্রায়ই আটকে থাকে সিনেমা। পাশাপাশি দেয় নানা ধরনের সংশোধন। দিন দিন তালিকাটা বাড়ছে। এবার এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন নির্মাতা তানভীর হাসান। দীর্ঘদিন ধরে বোর্ডে আটকে থাকা তার ‘মধ্যবিত্ত’ সিনেমাটিকে ছাড়পত্র না দিলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন এ পরিচালক। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন ছবিটির অভিনেতা ওমর মালিক। এ অভিনেতা লিখেছেন, ‘মধ্যবিত্ত’ টিম এখন অনেক অসহায়। ছবিটির পরিচালক তানভীর হাসান সেন্সর বোর্ডের সামনে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করার কথা ভাবছেন। পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং সিনেমাসংশ্লিষ্ট কেউ কি একটু তানভীর হাসানকে সাহস দেবেন? কত সিনেমা কতভাবে ছাড়পত্র পাচ্ছে আর যত আইন সব এই ‘মধ্যবিত্ত’ সিনেমার ওপর! বিষয়টি নিয়ে তানভীর হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘চলতি বছর ফেব্রæয়ারিতে আমি ছবিটি সেন্সর বোর্ডে জমা দিই। তখন আমাকে ছবির কিছু সংলাপ পরিবর্তন করার জন্য বলা হয়। আমি সে অনুযায়ী সংলাপ সংশোধন করে গেল সোমবার ছবিটি আবার জমা করি। কিন্তু এবার সেন্সর বোর্ড থেকে অনেক সংশোধন দিয়েছে।’ সংশোধনীর বিষয়ে তিনি জানান, সিনেমার নাম পরিবর্তন, মধ্যবিত্ত কথাটি বহুবার ব্যবহার করা হয়েছে-তা কমানো, সিনেমার দৃশ্য কর্তন ইত্যাদি। এ নির্মাতা বলেন, “সব মিলিয়ে এবারের চিঠিতে সাতটি সংশোধনের কথা বলা হয়েছে। এগুলো করলে ছবির মূল গল্পই হারিয়ে যাবে। আর আমি তো ছবির নামের জন্য বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদ নিয়েই ছবি তৈরি করেছি। তাহলে এখন কেন নাম বদলানোর কথা আসবে? আসলে আমি জানি না, তারা এটি কেন করছে? কত শত ছবি ছাড়পত্র পাচ্ছে আর কী কারণে তারা ‘মধ্যবিত্ত’কে আটকে রেখেছে!” সব শেষে আত্মহত্যা প্রসঙ্গে তানভীর বলেন, ‘হ্যাঁ, এ ছাড়া আমার কিছুই করার নেই। অনেক স্বপ্ন ও অর্থ খরচ করে আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকদের জন্য। এখন যদি সেই স্বপ্নকে এভাবে মারা হয়, তাহলে বেঁচে থেকে লাভ কী! অনেক অসহায় হয়েই আমি এ কথা বলেছি।’ গত বছরের মাঝামাঝিতে শেষ হয় ‘মধ্যবিত্ত’ ছবির শুটিং। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তানভীরের। চলতি বছরের শুরুতে সেন্সরে জমা দিলেও এখনো মেলেনি ছাড়পত্র।


এই বিভাগের আরো খবর