মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করবে মার্কিন বাহিনী।
গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ১৪ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী বুধবার। এই সময়ের মধ্যে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেও, ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় অস্থিরতা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান পরিস্থিতির কঠোর বার্তা দেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম।’ তিনি আরও যোগ করেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে বুধবার সন্ধ্যা থেকেই ফের অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেও ট্রাম্প একটি ‘ভালো’ চুক্তির ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, তড়িঘড়ি করে কোনো অসম্পূর্ণ বা বাজে চুক্তিতে তিনি সই করতে চান না। একটি দীর্ঘমেয়াদী এবং অর্থবহ চুক্তির জন্য মার্কিন প্রশাসন সময় নিতে প্রস্তুত বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।
Reporter Name 


















