শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় এক মাস ধরে পড়ে আছেন বাকরুদ্ধ বৃদ্ধ ; মনুষ্যত্ব কি তবে নির্বাসনে?

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ):  পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছিল, ঠিক তার কয়েকদিন আগে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর বাজারে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। একটি ভ্যানে করে এসে দু” ব্যক্তি প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে মসজিদের সামনে ছাগল বিক্রির স্থানে ফেলে রেখে চলে যান। এরপর থেকে টানা এক মাস ধরে বাজারের এক কোণে পড়ে থেকে মানবেতর জীবনযাপন করছেন নাম-পরিচয়হীন এই অসহায় মানুষটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে পড়ে আছেন শীর্ণকায় বৃদ্ধ। পরনে একটি পুরনো শার্ট ও হাফপ্যান্ট। দীর্ঘদিনের অযত্নে তার শরীর জর্জরিত, চারপাশে অস্বস্তিকর পরিবেশ। কেউ তার পরিচয় জানতে চাইলে তিনি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন—মুখে কোনো শব্দ নেই। বয়সের ভার ও অসুস্থতায় তার বাকশক্তি প্রায় নিঃশেষ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক চা দোকানি বলেন, “ভ্যানে করে দুইজন লোক তাকে এখানে বসিয়ে দিয়ে চলে যায়। আমরা ভেবেছিলাম হয়তো কেউ আসবে নিতে। কিন্তু সময় গড়াল, দিন পার হলো—কেউ আর ফিরল না। তারপর থেকেই তিনি এখানে পড়ে আছেন।”

স্থানীয় সাংবাদিক জিএম মোস্তাক আহমেদ জানান, “আমরা যতটুকু পারি খাবারের ব্যবস্থা করছি। কিন্তু একজন মানুষের শুধু খাবারই তো যথেষ্ট নয়—তার প্রয়োজন চিকিৎসা, পরিচর্যা, নিরাপদ আশ্রয়। এভাবে পড়ে থাকলে যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে।”

বাজারে আসা সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে গভীর উদ্বেগ ও ক্ষোভ। এক পথচারী নুরুল আমিন বলেন, “যারা এই বৃদ্ধকে ফেলে গেছে, তারা মানবতার কলঙ্ক। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা উচিত।”

এদিকে বিষয়টি নিয়ে দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, তিনি বিষয়টি সদ্য অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহল বলছে, এই মুহূর্তে বৃদ্ধটির জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। একটি সরকারি আশ্রয়কেন্দ্র বা বৃদ্ধাশ্রমে স্থানান্তরই হতে পারে তার বেঁচে থাকার একমাত্র ভরসা।

একটি প্রশ্ন এখন সবার সামনে—আমরা কি এতটাই মানবিকতা হারিয়ে ফেলেছি, যে একজন অসহায় বৃদ্ধকে এভাবে পরিত্যাগ করতে পারি? তিনি কথা বলতে পারেন না, কিন্তু তার নীরব দৃষ্টি যেন সমাজের বিবেককে নাড়া দিচ্ছে।

প্রশাসনের কাছে এলাকাবাসীর আকুল আবেদন—অতিদ্রুত এই বৃদ্ধকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক। একইসাথে, যারা এই অমানবিক কাজের সাথে জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। মানবতা যেন কেবল শব্দে নয়, কাজে প্রতিফলিত হয়—এটাই এখন পাইকগাছাবাসীর প্রত্যাশা।


এই বিভাগের আরো খবর