আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ হলেও আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয় তারা। টেস্ট ম্যাচ তাই খেলেও কালেভদ্রে। টেস্টে এই ৩ দল তেমন পরাশক্তিও নয়। আফগানিস্তানের টেস্ট স্কোয়াড বেশ আনকোরা। মোহাম্মদ নবী ইতোমধ্যে টেস্ট থেকে অবসরেও চলে গেছেন। রশিদ খানও এবার ঘোষণা দিলেন টেস্ট কম খেলার। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতেই টেস্ট কম খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রশিদ। নিজের ডাক্তারের সাথে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত ২৭ বছর বয়সী এই লিগের। পিঠের চোটের কারণে টেস্টে অনিয়মিত ছিলেন রশিদ খান। এবার সেই চোটের ব্যাপারেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন রশিদ। সম্প্রতি আফগান এই লেগ স্পিনার বলেছেন, ‘আমি (বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে) ৬৭ ওভার (আসলে ৫৫) বল করেছিলাম, ব্যাপারটা পাগলাটে (ক্রেজি) ছিল।’ টেস্টে রশিদের দীর্ঘ সময় বোলিং নিয়ে সতর্কও করে দিয়েছেন রশিদের ডাক্তার। রশিদ বলেন, ‘ডাক্তার আমাকে বলেছেন, “তুমি যদি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাও, তবে লাল বলের ক্রিকেট ছাড়তে হবে। কারণ এটি তোমার শরীর নিতে পারবে না।” তবুও আমি খেলে গেছি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছি এবং এক ম্যাচেই ৫৫ ওভার বোলিং করেছি দেখে ডাক্তার অবাক হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে বলেছেন, “না তুমি এটা করতে পারো না।” আমি এই ব্যাপারে চিন্তা করব।’ রশিদ আরও বলেছেন, ‘আমি এ বছর ইতিমধ্যেই একটি টেস্ট খেলেছি। তাই এখন আমি একটু সহজভাবে নেব। আমি চাই নিজেকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে। চিন্তা করুন তো, ওই টেস্ট ম্যাচে যদি আমার পিঠের কোনো সমস্যা হয়ে যায়? আমি তো আর ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পারব না। বছরে যদি একটি করে টেস্ট খেলেন, তবে ১০০ টেস্ট খেলতে তো ১০০ বছর লাগবে। আর টেস্ট ক্রিকেটে (বোলিংয়ের) নির্দিষ্ট কোনো লক্ষ্যও থাকে না।’ ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ দিন খেলার ইচ্ছা রশিদের। আইসিসির পরের ইভেন্টটিই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের সাথে সহ-আয়োজক হিসেবে থাকছে নামিবিয়া। বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে আফগানরা। রশিদ বলেছেন, ‘ওয়ানডে, হ্যাঁ ওয়ানডে আমি উপভোগ করি এবং দীর্ঘ সময় ধরে আফগানিস্তানের এই ফরম্যাটে খেলতে চাই। তবে লোড ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কীভাবে খেলতে হবে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যদি আমি দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চাই।’ বছরে একটির বেশি টেস্ট ম্যাচ খেলতে চান না রশিদ, ‘লাল বলের ক্রিকেট চালিয়ে যাওয়া বেশ কঠিন একটি ব্যাপার। হ্যাঁ এক বছরে একটি টেস্ট খেলা যেতে পারে। এর চেয়ে বেশি মনে হয় না আমি খেলতে পারব। আমি চেষ্টা করব। আমি খেলতে পারব যদি ২০-২৫ ওভার বোলিং করতে হয়। তবে যদি আমি দলে থাকি তাহলে আমাকে সারা দিন বল করে যেতে হয়। শেষ দুই টেস্ট ম্যাচে যদি দেখেন, আমি ১৬৭ ওভার (আসলে ১৫৪.২ ওভার) বল করেছি, যা আমার কাছে মনে হয় অনেক বেশি।’ আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান রশিদ খান। দুনিয়ার নানা প্রান্তের লিগে রশিদ হটকেক। বর্তমানে আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় রশিদ খানের। ৬ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ৪৫ উইকেট।