বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিএসএলে অভিষেক হচ্ছে সৈকতের

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ১১তম আসরকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই আসর দিয়ে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের। পিসিবি প্রকাশিত অফিশিয়ালদের তালিকায় সৈকত ছাড়াও এলিট প্যানেলের আরও চার সদস্য-আহসান রাজা, ক্রিস গাফানি, অ্যালেঙ্ ওয়ার্ফ ও আলাহউদ্দিন পালেকারকে রাখা হয়েছে। এবারের আসরে ম্যাচ রেফারির প্যানেলে বড় চমক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি রিচি রিচার্ডসন। আইসিসি এলিট প্যানেলের এই রেফারি প্রথমবারের মতো পিএসএলে দায়িত্ব পালন করবেন। তাঁর সাথে থাকছেন টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারি রোশান মহানামা। আম্পায়ারিং প্যানেলে স্থানীয় আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজদের পাশাপাশি আন্তর্জাতিক প্যানেল থেকে থাকছেন ক্রিস ব্রাউন। আজ বৃহস্পতিবার লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেঙ্ ওয়ার্ফ ও আহসান রাজা। টিভি আম্পায়ারের দায়িত্বে আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তারিক রশিদ। রোশান মহানামা ম্যাচ রেফারির দায়িত্ব পালনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করবেন। এবারের পিএসএল বাংলাদেশের দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেলবেন বাংলাদেশের ৬ জন ক্রিকেটার। লাহোর কালান্দার্সে রয়েছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজের ডেরায় আছেন রিশাদ হোসেন। এছাড়া মাঠের লড়াইয়ের বর্ণনায় প্রথমবারের মতো যোগ দিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান। আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলের এবারের আসরের।


এই বিভাগের আরো খবর